দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে মনির নামে এক ইউপি সদস্যের সঙ্গে কথপোকথনের একাংশ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা এর ব্যাপক প্রশংসা করেন।
ফেসবুক পোস্টে একটি ছবি সংযুক্ত করে হাসনাত লিখেছেন, ‘ভদ্রলোকের নাম মনির মেম্বার। বড় শালঘর ইউনিয়নে বাড়ি। আমি যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন একটা ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখি, এই মনির সাহেবকে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি বোঝাচ্ছে, ‘হাসনাতের দল করে লাভ কী? হাসনাত তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবে না। ওর দল করা ছেড়ে দেন।’
তিনি আরও লিখেন, ‘উত্তরে মনির মেম্বার জানান, যদি হাসনাত দুইটা ভোট পায়, তাহলে একটা হাসনাতের নিজের আর একটা আমার। যদি একটা ভোটও পায়, সেটাও হবে মনির মেম্বারের। এই ঘটনার পর মনির মেম্বারের সঙ্গে আমার পরিচয় হয়।’
হাসনাত লিখেন, ‘ভোট জেতার পর কাল তাকে জিজ্ঞাসা করলাম “দেখা করতে আসলেন না কেন?” মনির মেম্বার বললেন, খেলোয়াড় ট্রফি দেখতে আসে না। খেলোয়াড় ট্রফি জিততে আসে। আমাদের জেতা শেষ, আমরা এখন পরের ম্যাচের ট্রফি জেতার প্রস্তুতি নিচ্ছি, যাতে দর্শক দেখতে পারে।’
এই এমপি লিখেন, ‘মনির মেম্বার আরও বলেন, আবার যখন আপনার দরকার পড়বে, আপনাকে আমাদের খুঁজতে হবে না। মাঠে যদি একজন মানুষও আপনার পাশে দাঁড়িয়ে থাকে, বুঝবেন, এই মনির মেম্বার তখনও সেই একই জায়গাতেই আছে।’
‘এইসব মনির মেম্বাররা যারা অনুচ্চারিত, ছোট, নীরব; তবু পথ চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, যারা কোনোরূপ ঘোষণা ছাড়া, দাবি ছাড়া পাশে এসে দাঁড়িয়েছেন, যাঁরা পৃথিবীর ভিড়ভাট্টা, স্বার্থের ওঠানামার বাইরে গিয়ে, প্রয়োজনে নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থেকে আমাদের জেতালেন, তাঁদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭টা পর্যন্ত) ৩ লাখ ৮২ হাজার রিয়েকশন, সাড়ে ১০ হাজার কমেন্ট ও প্রায় সোয়া ৩ হাজার শেয়ার হয়েছে। প্রতি মুহূর্তে রিয়েকশন, কমেন্ট ও শেয়ারের সংখ্যা বেড়েই চলছে।
আরএ